অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার

আবাসিক হোটেলের অতিথিদের তথ্য সংগ্রহের নির্দেশ

আবাসিক হোটেলসহ রাজধানীর বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, হোটেলগুলো থেকে অতিথিদের তথ্য সংগ্রহের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজনে যেন এসব তথ্য দ্রুত পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা যাতে অবস্থান করে হামলা চালাতে না পারেন, সে জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরে সম্মেলনকক্ষে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন। এদিকে অপরাধ প্রতিরোধ ও রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব সদস্যকে সমন্বিতভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন কমিশনার।

তিনি বলেন, ‘অপরাধ প্রতিরোধে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে ডিউটি নিশ্চিত করতে হবে, যাতে কোনো এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে শূন্যতা তৈরি না হয়। এ ছাড়া সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা ঢাকায় এসে যাতে অপরাধ সংঘটিত করতে না পারে, সে জন্য রাজধানীর প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেন তিনি। এ ক্ষেত্রে ব্লক চেকসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেন ডিএমপি কমিশনার। সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ সংঘটনের আগেই তাদের গতিবিধি নিয়ন্ত্রণে আনতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ সময় সভায় আগস্ট মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেন ডিএমপি কমিশনার।