ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু আট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন, যা চলতি বছর একই দিনে সর্বোচ্চ হাসপাতালে ভর্তির রেকর্ড। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে তিন, ঢাকা বিভাগে চার ও ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন। সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আগস্ট মাসে মারা গেছেন ৪৩ জন, এ ছাড়া সেপ্টেম্বরের গত ১৩ দিনে ৬০ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৩৩ জন ভর্তি হয়েছেন।