আর্জেন্টাইন শীর্ষ লিগে গোলরক্ষকের এক অবিশ্বাস্য ভুল ধরা পড়েছে ভিএআরে। ক্লাউসুরা টুর্নামেন্টের এস্তুদিয়েন্তেস দি রিও কুয়ার্তোকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ইনস্টিটিউটো (লা গ্লোরিয়া)। ঘরের মাঠে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এই জয় পেতে বেশ কষ্ট করতে হয় তাদের, যার পেছনে বড় ভূমিকা রেখেছে এস্তুদিয়েন্তেস গোলরক্ষকের ওই বড় ভুল।
করডোবায় ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের জন্য লড়াই করলেও গোলের দেখা পায়নি। ম্যাচের ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধের ঠিক ৩ মিনিটের মাথায়। প্রায় ২৫ মিটার দূর থেকে ভলিতে শট নেন ইনস্টিটিউটোর ডিফেন্ডার জুলিয়ানো চেরাতো। শটটি খুব বেশি জোরালো বা জটিল ছিল না এবং গোলরক্ষক লুকাস ব্রুয়েরার স
হজেই তা লুফে নেওয়া উচিত ছিল। কিন্তু বলটি গোললাইনের ঠিক আগে ড্রপ খেয়ে ব্রুয়েরাকে বিভ্রান্ত করে এবং তিনি বল ধরে রাখতে গিয়ে গোললাইনের ভেতরে চলে যান। বল সম্পূর্ণভাবে গোললাইন পার হলেও মাঠের রেফারি ও তার সহকারীরা তা বুঝতে ব্যর্থ হন।
মাঠে থাকা খেলোয়াড় ও দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হলে কয়েক মিনিট পর ভিএআর নিশ্চিত করে এবং প্রযুক্তির সহায়তায় গোলটি নিশ্চিত করা হয়। স্টেডিয়ামের দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।
গোল হজমের পর এস্তুদিয়েন্তেস সমতায় ফেরার চেষ্টা করলেও ইনস্টিটিউটর ডিফেন্ডার লিওনেল মোসেভিচ দলের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচের শেষ দিকে এস্তুদিয়েন্তেসের হয়ে মাতিয়াস ভালেন্তি একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইনস্টিটিউটো।