পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে নিখুঁত তদন্তের দাবি বিপিএইচসিডিএর

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনায় নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা. এ এম শামীম এ আহ্বান জানান।

বিবৃতিতে শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়। একই সঙ্গে কোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে তা নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিপিএইচসিডিএ আশা প্রকাশ করে, তদন্ত কমিটি নিরপেক্ষ, স্বচ্ছ ও নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে মব সৃষ্টি, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার কথাও বলা হয়েছে। কোনো চিকিৎসা-সংক্রান্ত অভিযোগ থাকলে তা তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিপিএইচসিডিএ বলছে, রোগীর ন্যায়বিচারের অধিকার যেমন নিশ্চিত করতে হবে, তেমনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও মর্যাদাও সমানভাবে নিশ্চিত করা প্রয়োজন।