প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট 

পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরিশালে সংযুক্ত

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে আয়োজিত প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্স চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় দেশের সব জেলার সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এ উপলক্ষে জেলার কাউখালী উপজেলা মিলনায়তনে কনফারেন্সের সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর কিছুক্ষণ পরই কনফারেন্সস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় দুই মিনিট পর বিদ্যুৎ ফিরে আসে।

স্থানীয়দের দাবি, ওই সময় উপজেলার অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।  

কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি অনভিপ্রেত। সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকার সময় কাউখালী ইউএনও কার্যালয়ে কেন বিদ্যুৎ ছিল না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এ ঘটনার পেছনে কারও যোগসাজশ থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এর একদিন পর রবিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আলতাপ হোসেনকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সংযুক্ত দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম বলেন, “আমি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানিয়েছিলাম। তারপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে উপজেলা পরিষদের অন্য জায়গায় বিদ্যুৎ ছিল। কমিউনিকেশন গ্যাপের কারণে এমনটি হয়েছে বলে মনে হচ্ছে। পরে শুনেছি, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।”

পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. কামরুজ্জামান বলেন, “ইউএনও অফিসে বিদ্যুৎ না থাকার বিষয়ে সেখানকার সিএ অভিযোগ করেছিলেন। আমাদের লাইনম্যানরা গিয়ে বিষয়টি দেখেন। কর্মচারীদের ধারণা ছিল, ইউএনও অফিসেই হয়তো মিটিং হচ্ছে। এ কারণে ওই লাইনের সংযোগ বন্ধ করা হয়েছিল। এতে মিটিংস্থলেও বিদ্যুৎ চলে যায়।”

তিনি আরও বলেন, পরে মিটিংস্থল থেকে বিদ্যুৎ অফিসের ইনচার্জকে ফোন করে বিষয়টি জানানো হয়। আমাদের তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৪২ মিনিট থেকে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত প্রায় দুই মিনিট বিদ্যুৎ বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, এ ঘটনার কারণেই জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।