বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষায়িত শিশুদের স্কুল 'ব্লু স্কাই' পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স' উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব এর সভাপতি সালেহা খান। এসময় স্কুলের শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়।

পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান স্কুলের শ্রেণি কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে এসব থেরাপি সেবা পরিচালনা করছেন। অধ্যক্ষ প্রধান অতিথিকে স্কুলের শিক্ষা ও কারিগরি শিক্ষা কার্যক্রম, থেরাপি সুবিধা এবং মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে অবহিত করেন।

 ২০২১ সালে বাফওয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত এই স্কুলে বর্তমানে প্রতি পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক ও একজন সহকারী নিশ্চিত করে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে বহু শিক্ষার্থী ইতোমধ্যে মূলধারার শিক্ষায় যুক্ত হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষা কার্যক্রমের মাধ্যমে কয়েকজনকে সহকারী থেরাপিস্ট হিসেবে নিয়োগ দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হয়েছে।

পরবর্তীতে প্রধান অতিথি বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, বাফওয়া দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্বলিত 'বাফওয়া কর্নার' পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের তৈরি হস্তশিল্প দেখেন। পরিদর্শন শেষে তিনি 'ব্লু স্কাই' ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

ডা. জুবাইদা রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুযোগ-সুবিধা এবং নারীদের দক্ষতা উন্নয়নে বাফওয়ার গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নারীদের স্বাবলম্বী করতে বাফওয়ার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রীবৃন্দ, বাফওয়া এ কে খন্দকার ও বাশার-এর সভানেত্রী ও সহ-সভানেত্রীবৃন্দসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।