স্থানীয় সরকার নির্বাচন কবে, সিদ্ধান্ত নেবে সরকার: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এককভাবে এ সিদ্ধান্ত নিতে পারে না; সরকারের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমেই নির্বাচন আয়োজন করতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, 'এই ধরনের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ইসিকে সরকারের সঙ্গে আলোচনা ও সমন্বয় করেই সিদ্ধান্ত নিতে হবে। সরকার সিদ্ধান্ত নেবে কবে নাগাদ নির্বাচন করবে।'

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে একটি সম্ভাব্য সময়সূচি জানানো হয়েছে। সেটি অনুসরণ করে সরকার ও নির্বাচন কমিশন সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের আয়োজন করবে। নির্বাচন হবে কি না, তা নিয়ে কোনো সংশয় নেই বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন চলতি বছরের ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত জানিয়েছে। তবে মঙ্গলবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না।

প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে যেহেতু জানানো হয়েছে যে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, সেটিকেই সঠিক হিসেবে ধরে নিতে হবে।

তিনি বলেন, 'আমি আবারও বলছি, এই নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সরকারের সঙ্গে কোলাবোরেট করে করতে হবে।' 

ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত কি না এবং নির্বাচন নির্ধারিত সময়ের আগে বা পরে হতে পারে কি না—এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, 'ইসির ঘোষিত তারিখ চূড়ান্ত কি না বা নির্বাচন পেছাবে নাকি এগোবে, তা আলোচনার বিষয়।'

তবে এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কোনো ধরনের সংঘাত তৈরি হয়েছে—এমনটি মনে না করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনের ধরন সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নেবে না। ফলে নির্বাচন হবে পুরোপুরি ব্যক্তিকেন্দ্রিক।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকারের প্রধান পদগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন হতো। এবার কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ না নেওয়ায় প্রার্থীরা নিজেদের পরিচয় ও স্বতন্ত্র অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় এবারের স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেন জাহেদ উর রহমান। তার মতে, এর মধ্য দিয়ে অতীতের মতো সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ ফিরে আসবে।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।