কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তুহিন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বাঙ্গরা বাজার থানা এলাকার আকুবপুর ইউনিয়নের গাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. তুহিন গাজীপুর গ্রামের উত্তর পাড়ার দুধ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বাঙ্গরা বাজার থানার এসআই রিয়াজুল মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গাজীরহাট কবুতর বাজারে জনৈক হাসিনার দোকানের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মো. তুহিনের দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে বাঙ্গরা থানায় নিয়ে যায় পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।