সাত পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ

নাটোরের সিংড়ায় প্রায় ২০ বছর ধরে সাতটি পরিবারের চলাচলের জন্য ব্যবহৃত রাস্তা বন্ধ করে ইটের প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আয়াত আলী ও তার ছেলেদের বিরুদ্ধে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই পরিবারগুলোর সদস্যরা। বিকল্প একটি পথ ব্যবহার করলেও রাত ৮টার পর সেটি বন্ধ হয়ে যাওয়ায় এরপর আর বাইরে যাওয়ার সুযোগ থাকে না তাদের।

ঘটনাটি উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যে পথ দিয়ে তারা চলাচল করে আসছিলেন, সম্প্রতি ওই পথের ওপর ইটের প্রাচীর নির্মাণ করে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান, কালীগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনসহ সাতটি পরিবারের সদস্যরা চরম সমস্যায় পড়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবেশী জিহাদ আলী শেখের সহায়তায় বর্তমানে একটি বিকল্প পথ ব্যবহার করছেন ভুক্তভোগীরা। তবে জিহাদ আলী মালামালের ব্যবসা করায় ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে রাত ৮টার দিকে দরজা বন্ধ করে দেন। ফলে এরপর ওই পরিবারগুলোর বাইরে যাওয়ার আর কোনো পথ থাকে না।

ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিশ-বিচার হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। বরং আয়াত আলী ও তার সন্তানরা প্রভাব খাটিয়ে চলাচলের রাস্তা বন্ধ করা, প্রতিবেশীদের হুমকি-ধমকি দেওয়া এবং বসতভিটা নির্মাণে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে আসছেন। আয়াত আলীর সন্তানদের কেউ কেউ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও করেছেন তারা। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত করা যায়নি।

সাবেক সেনা সদস্য মাহবুবুর রহমান বলেন, ২০১৮ সালে তিনি স্থায়ীভাবে মার্কেট নির্মাণ করেন। ২০১৯ সালে মাপের পর রাস্তা বাদ দিয়ে পাঁচ ফুট জায়গা আয়াত আলীর সীমানায় যায়। পরে তার সুবিধার কথা বিবেচনা করে মানবিক কারণে তিনি শূন্য দশমিক ৫৫ শতক জায়গা বিক্রি করে দেন। কিন্তু প্রায় দেড় বছর আগে আয়াত আলী তার জায়গাসহ রাস্তা দখল করে বসতভিটা নির্মাণ করেন বলে অভিযোগ করেন তিনি। বারবার নিষেধ করার পরও তা মানা হয়নি। সম্প্রতি রাস্তা পুরোপুরি বন্ধ করতে প্রাচীর নির্মাণ এবং ইটের গাঁথুনি দিয়ে দরজা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

মাহবুবুর রহমান আরও বলেন, গত এক বছর ধরে তিনি দোতলার কাজ করতে পারছেন না। শ্রমিকদের হুমকি-ধমকি দেওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের কারণে ভয়ে কেউ কাজ করতে আগ্রহী নন। এ ঘটনায় সরকারের কাছে ন্যায়বিচার দাবি করেন তিনি।

কালীগঞ্জ বনমালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, তার কোনো সন্তান নেই। কোনো গণ্ডগোলও তিনি পছন্দ করেন না। হজ্ব করে এসেছেন এবং নিরিবিলি থাকতে চান। কিন্তু প্রতিবেশী আয়াত আলী তাদের ওপর জুলুম করছেন বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সুষ্ঠু বিচার দাবি করেন মোফাজ্জল হোসেন।

অভিযোগের বিষয়ে আয়াত আলী বলেন, তার বাড়ির সীমানায় তিন ফুট জায়গা রয়েছে। তবে সাত পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের বিষয়ে তিনি কোনো স্পষ্ট সদুত্তর দিতে পারেননি।

ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির নেতা আ. মমিন সরকার ও আ. জলিল বলেন, বিষয়টি নিয়ে দ্রুত উভয়পক্ষকে বসিয়ে সমাধান করা প্রয়োজন। দীর্ঘদিনের চলাচলের পথ নিয়ে বিরোধ সৃষ্টি হলে তা আরও বড় সমস্যার কারণ হতে পারে।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, বিষয়টি সরেজমিন পরিদর্শন করে উভয়পক্ষকে আইনের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।