সাতকানিয়ায় অভিযুক্ত পাঁচ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচটি মামলায় অভিযুক্ত পাঁচ ব্যবসায়ীকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার দেওদিঘী বাজারে এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ।

অভিযানকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিদর্শনে করার অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি মামলা করা হয়। মামলায় পাঁচজন অভিযুক্তকে সর্বমোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অভিযান শেষে ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার তৈরি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা এবং খাদ্য তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।

ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।