বড়লেখায় ভারতীয় গরু, মদসহ গ্রেপ্তার ৪: সিএনজি জব্দ

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে চোরাই পথে আনা ভারতীয় ৪টি গরু এবং ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই মো. আবদুল করিম ও এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল উপজেলার হাজীগঞ্জ বাজার গরুর হাট সংলগ্ন রেললাইন এলাকায় অভিযান চালায়। স্থানটি থেকে ৪টি ভারতীয় গরু উদ্ধারসহ শাহিন আহমদ ও আফজাল হোসেন নামের দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের অপর একটি টিম উপজেলার দক্ষিণভাগ গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত রাজিব রবি দাস ও রাজু রবিদাস নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার এবং ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

এ বিষয়ে বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, বড়লেখা থানা পুলিশ উপজেলার প্রতিটি এলাকায় ব্লক রেইড এবং নিয়মিত বিশেষ অভিযানের মাধ্যমে পরিচালিত কার্যক্রম অব্যাহত রাখবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট মামলায় মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।