নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট সংলগ্ন মকসেদ শপিং কমপ্লেক্সের সিঁড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নাজমুল হোসেন উপজেলার পোকন্দা (পূর্ব) গ্রামের মো. ইব্রাহীম হোসেন ও মোছা. নাজমা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই আল মাসুমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে নাজমুল হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক নাজমুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানিয়েছে, মামলার পর আটক নাজমুল হোসেনকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।