মেঘনায় জেলের জালে ১৫ কেজির পাঙাশ

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ। মাছটি রামনেওয়াজ ঘাটে নেওয়ার পর উন্মুক্ত নিলামে ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিশাল আকৃতির পাঙাশটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মেঘনা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে আরিফ মাঝি। জাল গোটানোর সময় তার জালে আটকা পড়ে বড় আকৃতির পাঙাশটি। পরে মাছটি মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ ঘাটে মমিন তালুকদারের আড়তে নেওয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৩৪০ টাকা দরে মাছটি ২০ হাজার টাকায় বিক্রি হয়।

জেলে আরিফ মাঝি বলেন, সকালে জাল গোটানোর সময় বড় পাঙাশটি দেখতে পান। এত বড় মাছ জালে ধরা পড়ায় তিনি খুশি। ঘাটে আনার পর ভালো দামেই মাছটি বিক্রি করতে পেরেছেন।

মৎস্য ব্যবসায়ী মমিন তালুকদার বলেন, নদীর বড় আকারের পাঙাশের চাহিদা অনেক। তাই অধিক লাভের আশায় মাছটি ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হচ্ছে।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মিললেও মাঝেমধ্যে জেলেদের জালে বড় আকারের পাঙাশ ও কোরাল ধরা পড়ছে। নদী রক্ষা ও অভয়াশ্রমের পরিবেশ বজায় রাখা গেলে সামনে ইলিশসহ অন্যান্য প্রজাতির বড় মাছ আরও বেশি ধরা পড়বে।