সাদ্দাম-ইনানের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণায় মিষ্টি বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রায় ঘোষণার পর এ মিষ্টি বিতরণ করা হয়। 

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের ক্যাম্পাসে শিক্ষার্থী, পথচারী ও রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

এ সময় এবি জোবায়ের বলেন, এই সাদ্দাম ইনানরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নানা অত্যাচার করেছিল। এজন্য তাদের ফাঁসির রায়ে আমরা মিষ্টি বিতরণ করেছি। আমরা চাই অবিলম্বে যেন এদের দেশে এনে রায় কার্যকর করা হয়। 

মুসাদ্দিক বলেন, এই সাদ্দাম-ইনানরা দীর্ঘদিন শিক্ষার্থীদের গণরুম-গেস্টরুমে নিয়ে শোষণ করেছে। তাদের হাতে অনেক মানুষের রক্ত লেগে আছে। আজকে এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।