বাঁশখালীর ছনুয়ার চেয়ারম‌্যান হারুন দেশে ফিরতেই ঢাকা বিমানবন্দরে আটক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা  এম. হারুনুর রশিদকে (৫৮) দুবাই-মোজাম্বিক ঘুরে শেষে দেশে ফেরার পথে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক ক‌রে‌ছে ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে বাঁশখালী থানা পু‌লিশ সু‌ত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এম. হারুনুর রশিদ বিভিন্ন মামলার আসামি হিসেবে দেশের বাইরে ও আত্মগোপনে ছিলেন। বিদেশে আত্মগোপনে থাকা অবস্থায় তিনি দুবাই ও আফ্রিকার মোজাম্বিকে নানা অবস্থান ক‌রে ব‌লে জানা যায়। সম্প্রতি ব্যাংকক হয়ে বাংলাদেশে এসে ঢাকা বিমানবন্দরে পৌঁছালে মামলার থাকার প্রেক্ষি‌তে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) ‌মোঃ রবিউল হক জানান, ছনুয়ার সাবেক চেয়ারম্যান এম. হারুনুর রশিদকে আটক‌ করে খবর পাওয়ার পর বাঁশখালী থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তার বিরুদ্ধে বেশ ক‌য়েক‌টি মামলা রয়েছে ব‌লে তি‌নি জানান।