রাঙ্গুনিয়ায় চলন্ত রিকশা থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলন্ত রিকশায় থাকা মায়ের কোল থেকে পড়ে মো. রাহাত নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে মরিয়মনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাতের বাবার নাম রুবেল। তাদের বাড়ি উপজেলার মরিয়মনগর ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশায় করে যাওয়ার সময় মায়ের কোল থেকে হঠাৎ রাস্তায় পড়ে যায় রাহাত। পরে অন্য একটি রিকশা ওই শিশুকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মো. জাকির বলেন, চলন্ত রিকশা থেকে পড়ে ওই শিশু মারা গেছে জানিয়েছে স্থানীয় লোকজন।