ডেঙ্গু ও হাম উপসর্গে প্রাণ হারাল আরও ১৩ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৯৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৬৩ জনে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অপরদিকে হাম উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৬ শিশু।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশনের বাইরে) বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন ৩৮৩ জন। খুলনা বিভাগে ২৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগ ১৬৫, বরিশালে ১৫৯, রাজশাহীতে ১৩৭, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫ ও সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৭ জনের মধ্যে খুলনা বিভাগে ২ জন, বরিশাল, ঢাকা বিভাগ (সিটি করপোরেশন ছাড়া), ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টার বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ২৫৩ জন। এরপর ২৬-৩০ বছর বয়সী ২৪০ জন, ১৬-২০ বছর বয়সী ২০১ জন এবং ৩১-৩৫ বছর বয়সী ১৬৬ জন। আক্রান্তদের মধ্যে ৬৩ শতাংশ পুরুষ এবং ৩৭ শতাংশ নারী।

১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৫৫ হাজার ১৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫০ হাজার ৯৪১ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৫৮ জন চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মোট ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৯ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৩৬ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। বাকি ৯৩৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২০ হাজার ২০১ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের চারজন ঢাকায়, একজন করে সিলেট ও চট্টগ্রামে। ২৪ ঘণ্টায় হামের উপসর্গের বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে; ৪৩০ জন। এ সময় সব চেয়ে বেশি হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে; ৫৪ জন।