ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু সাফ

দীর্ঘ আট বছর পর আবারও ঢাকায় ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর সাত দেশকে নিয়ে বসবে এবারের প্রতিযোগিতা। মঙ্গলবার টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে সাফ কর্র্তৃপক্ষ। সূচি অনুযায়ী উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। একই দিনে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের বহুল প্রতীক্ষিত লড়াই।

৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ভুটান।

নিজেদের মাঠে শুরুতেই ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ। ঘরের দর্শকদের সামনে ভালো শুরু পাওয়াই থাকবে স্বাগতিকদের প্রধান লক্ষ্য।

গ্রুপ পর্বে ৮ নভেম্বর মাঠে নামবে পাকিস্তান ও মালদ্বীপ। একই দিনে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান। এরপর ১১ নভেম্বর ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের লড়াই শেষে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই আসরের।

সূচি অনুযায়ী গ্রুপ পর্বের একটি ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৩টায়, অন্যটি রাত ৮টায়। সেমিফাইনালেও থাকবে একই সময়সূচি। ফাইনাল শুরু হবে রাত ৮টায়।

২০১৮ সালের পর আবারও বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ আট বছর পর দেশের মাটিতে আয়োজিত এই আসরে তাই বাড়তি প্রত্যাশা থাকবে স্বাগতিক বাংলাদেশের ওপর। বিশেষ করে উদ্বোধনী দিনেই মাঠে নামার সুযোগকে কাজে লাগিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।