কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে একটি ঝটিকা মশাল মিছিল বের করেছেন দলটির নেতাকর্মীরা।  

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় অনুষ্ঠিত ঝটিকা মিছিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরাসহ স্থানীয় লোকজন।

এলাকাবাসী ও ফেসবুক সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবাদে কয়েক মিনিটের ওই মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেয় বেশ কয়েকজন যুবক। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির খবর পেয়ে দ্রুত সড়ক ছেড়ে আশপাশের বিভিন্ন এলাকার দিকে চলে যান। 

এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় লোকজন।

এবিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে গভীর রাতে কিছু লোক মিছিল করার চেষ্টা করেছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।