রূপালী ব্যাংক ও ভিসার মধ্যে চুক্তি

ডিজিটাল পেমেন্ট সেবার সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং ভিসা কার্ড ব্যবসা বাড়াতে বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার সঙ্গে চুক্তি করেছে রূপালী ব্যাংক পিএলসি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর ও নথি বিনিময় করা হয়। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং ভিসার নেপাল, ভুটান ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ভিসার সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে রূপালী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা আরও সম্প্রসারিত হবে। এতে ব্যাংকের গ্রাহকসংখ্যা বাড়ার পাশাপাশি গ্রাহকদের জন্য আধুনিক ও সহজ ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, দেশের ক্যাশলেস সমাজ গড়ে তোলার ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ এবং ভিসার বিজনেস ডেভেলপমেন্ট, দক্ষিণ এশিয়ার পরিচালক আরিফুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. মইন উদ্দিন মাসুদ, মো. আবুল হাসান, সালামুন নেছা ও চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।