চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সোমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিভা রানী নাথের বাড়ির ভাড়াটিয়া খোকন মজুমদার, মিলন দে ও তপু দাশের চারটি বসতঘর এবং মালিকের একটি স্টোররুমসহ মোট ছয়টি ঘর পুড়ে যায়। আগুনে ঘরগুলোর আসবাবপত্র ও অন্যান্য মালামালও পুড়ে ছাই হয়ে গেছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বুধবার বেলা আড়াইটার দিকে বলেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।