জাপানের নাগোয়ায় শুরু হতে যাওয়া এশিয়ান গেমসের লড়াইয়ে নামার আগেই এক অভিনব সমীকরণের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। নিসিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বৃষ্টির কারণে ম্যাচ শেষ পর্যন্ত ভেস্তে গেলে অন্য কোনো সমীকরণের মারপ্যাঁচ এড়িয়ে র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকায় সরাসরি সেমিফাইনালে উঠে যাবে মেয়েরা।
শক্তির বিচারে ব্যবধান ঢের হলেও মাঠের লড়াইয়ের চেয়েও বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জাপানের প্রকৃতি। সেপ্টেম্বর মাসে দেশটিতে স্বাভাবিক নিয়মে অতিবৃষ্টির কারণে ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। আবহাওয়া বার্তা সংক্রান্ত ওয়েবসাইট আকুওয়েদারের মতে, আগামীকাল বিকেলে সেখানে বৃষ্টির ভালো সম্ভাবনা থাকবে। ম্যাচের সময়ে সকালের দিকে বৃষ্টির জোরালো সম্ভাবনা না থাকলে আকাশ কিছুটা মেঘলা দেখা যেতে পারে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভার থেকে পালাক্রমে কমে সুপার ওভারে পর্যন্ত গড়ানোর চেষ্টা করা হবে। তবে যদি কোনোটিই আয়োজন করা সম্ভব না হয়, তবে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সুবিধায় ভাগ্য খুলবে বাংলাদেশের। বর্তমানে র্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা ৩৭ নম্বরে থাকা চীনের চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছে।
অবশ্য প্রাকৃতিক বাধা উপেক্ষা করে প্রথম ম্যাচ জয় দিয়েই রাঙাতে মুখিয়ে আছে দল। জাপানের কন্ডিশনে শেষ মুহূর্তের ফিটনেস ট্রেনিং ও হালকা অনুশীলন সেরে নিয়েছে জ্যোতি-মোস্তারিরা। দলের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ভিডিওবার্তায় ব্যাটার মোস্তারি বলেন, ‘এশিয়ান গেমসের আগে আজ প্রথম অনুশীলন করেছি। কাল চীনের সঙ্গে আমাদের ম্যাচ। আশা করি একটা পদক নিয়ে যেতে পারব। এর আগে আমরা একটা পদক পেয়েছিলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
কোয়ার্টার ফাইনালের এই বৈতরণী সহজে পার হতে পারলে সেমিফাইনালে অবশ্য কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বাংলাদেশকে। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও শক্তিশালী দল ভারত।