সৌদিতে মিসাইল আতঙ্কে নরসিংদীর যুবকের মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় মাথায় আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলামের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বজনেরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে জেদ্দায় এ ঘটনা ঘটে। 

মৃত সৌরভ ইসলাম (২৫) রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগমের একমাত্র ছেলে।

স্বজনদের ভাষ্য, মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় যে বাসায় থাকতেন, সেটির ছাদে যান। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল জেদ্দার দিকে আসতে দেখে আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। একপর্যায়ে সিঁড়িতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তার সঙ্গে থাকা লোকজন ঘুম থেকে উঠে সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার বিকেলে সৌদি আরবে থাকা এক ব্যক্তি মুঠোফোনে সৌরভের স্বজনদের তার মৃত্যুর খবর জানান।

সৌরভ জেদ্দার আলসাইম কোম্পানিতে ব্যাংকের টি-বয় হিসেবে চাকরি করতেন। 

সৌরভের মা রেনু বেগম বলেন, ও আমার একমাত্র ছেলে ছিল। ফোনে বারবার আমার খোঁজ নিত। এখন কে আমার খবর নেবে, আমি শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই। সরকারের কাছে আবেদন, দ্রুত আমার ছেলের মরদেহ দেশে এনে দিন।

সৌরভের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। মরদেহ দেশে আনার ব্যবস্থা করার দাবি জানান স্বজনরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, এ ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।