মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ৬১ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। এর মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
আজ শুনানিতে প্রসিকিউশন জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ জন আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও তারা আত্মসমর্পণ করেননি। ফলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু এবং তাদের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স কাউন্সেল (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) নিয়োগ করতে আবেদন জানায় প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আবেদন গ্রহণ করে ৭ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আজ গ্রেপ্তার ১১ আসামিকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়। তারা হলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৬১ জনকে হত্যা করা হয়।