এফডিসিতে প্রথমবার ‘ফিল্ম ডিরেক্টরস ডে’

৪৫ বছরের পথচলায় প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি উদ্যোগে উদযাপিত হচ্ছে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। বিএফডিসিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এই আয়োজন শুরু হয়। ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ উপলক্ষে এফডিসিকে কালজয়ী সব সিনেমার পোস্টার ও চলচ্চিত্রের গুনীজনদের রঙিন পোস্টারে সাজানো হয়।  দেশীয় চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী ও গুণী অভিনেত্রী আনোয়ারা বেগমকে। এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন পরিচালক কাজী হায়াৎ, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল আওকাত হোসেন। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকেও সম্মাননা প্রদান করা হয়।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, ‘আমাদের অনেক গুণী পরিচালক আছেন। যাদের সঙ্গে নতুন প্রজন্মের যোগাযোগ নেই। অথচ তাদের চলচ্চিত্র আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। আমরা এ আযোজনের মধ্যে দিয়ে আমাদের সেই গুণীজনদের হাতে সম্মাননা দিচ্ছি।’ সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী বছর থেকে আমরা এই দিনটি ৩ আগস্ট পালন করবো। কারণ এই দিনে আমাদের ‘মুখ ও মুখোশ’ মুক্তি পেয়েছিল। আমাদের গুনী নির্তাদের সম্মানিত করতেই পরিচালক সমিতির পক্ষ থেকে এই আয়োজন। যাদের মাধ্যমে আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ হয়েছে, তাদের অনেকেই হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পাননি। আবার অনেকে পেয়েছেন।’