সিনেমার সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হচ্ছেন বুম্বাদা’খ্যাত টলিউডের বর্ষীয়ান অভিনেতা ও নির্মাতা প্রসেনজিৎ চ্যাটার্জি। এবার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর পুনর্গঠিত বোর্ডের ১৮ সদস্যের তালিকায় জায়গা করে নিলেন এই তারকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের তরফে নতুন সেন্সর বোর্ডের ঘোষণা করা হয়েছে। তিন বছর মেয়াদের ১৮ সদস্যের এই নতুন বোর্ডে প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন অভিনেতা মনোজ যোশী, সুনীল শেঠি, প্রীতি জিনতা, পঙ্কজ ত্রিপাঠী, রূপালী গঙ্গোপাধ্যায়, পল্লবী যোশী, পরিচালক প্রিয়দর্শন, সংগীতশিল্পী রিকি কেজ, হংসরাজ হংস, নীলা মাধব পাণ্ডা, যতিেন্দ্র মিশ্র, ওয়ামন কেন্দ্র-সহ বিভিন্ন ক্ষেত্রের পরিচিত ব্যক্তিত্বরা।
তবে বাংলা ছবির দর্শক এবং টলিউডের কাছে এই তালিকায় সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে প্রসেনজিৎ। কারণ শুধু অভিনেতা হিসেবেই নয়, দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রের পরিবর্তন, তার ব্যবসা, দর্শকের রুচি এবং ইন্ডাস্ট্রির নানা ওঠাপড়ার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তিনি। এবার সেই অভিজ্ঞতা থাকবে দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বোর্ডে।
সেন্সরবোর্ডের মূল দায়িত্ব হলো ছবিকে জনসমক্ষে প্রদর্শনের জন্য সার্টিফিকেট দেওয়া। ফলে কোনো ছবি সেন্সর বোর্ডের দরজায় পৌঁছনোর পর তার সার্টিফিকেশন প্রক্রিয়ার সঙ্গে এই সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই বোর্ডের সদস্য হিসেবে এবার থাকছেন বাংলা সিনেমার অন্যতম দীর্ঘদিনের তারকা প্রসেনজিৎ।