বিএনপি কর্মী রাব্বী হত্যা: হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

গণঅভ্যুত্থানের সময় বিএনপির কর্মী জাহিদ হোসেন রাব্বীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়েসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে ২ নভেম্বর প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

গত মঙ্গলবার রাব্বীর মামা, খিলগাঁও থানা ঝিলপাড় ইউনিটের যুবদলের সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার এ মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রাখেন। পরবর্তীতে গতকাল আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে ২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবীর নানক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান এবং সাবেক চার আইজিপি শহীদুল হক, বেনজীর আহমেদ, জাবেদ পাটোয়ারী ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী রাব্বী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি একজন ফটোগ্রাফার ও গ্রাফিকস ডিজাইনার। ২০২৪ সালের ৫ আগস্ট খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনের সময় দুপুর ২টার দিকে রাব্বী গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।