চবির ছাত্রদের হলে চুলা উপহার দিলেন ছাত্রদল নেতা শাফায়াত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছেলেদের ৮টি আবাসিক হলগুলোর কিচেন জোনের জন্য রান্নার চুলা উপহার দিয়েছেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন।
 
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮টি হলে কুকার পৌঁছে দেওয়া হয়। 
 
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে রান্নার সুযোগ নিশ্চিত করার লক্ষে এসব চুলা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চবি ছাত্রদল নেতা শাফায়াত হোসেন। নিজের ব্যক্তিগত উদ্যোগে আলাওল হল, এ. এফ. রহমান হল, শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, শহীদ আবদুর রব হল, মাস্টারদা সূর্যসেন হল, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল ও শহীদ ফরহাদ হোসেন হলে এসব চুলা উপহার হিসেবে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
 
জানতে চাইলে শাফায়াত হোসেন বলেন, আবাসিক হলের প্রতিটি শিক্ষার্থীর মৌলিক দাবিগুলোর একটি হলো নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে রান্নার ব্যবস্থা থাকা। ছাত্রীদের হলে ব্যক্তিগত রান্নার সুযোগ থাকলেও ছেলেদের হলগুলোতে এ ধরনের সুযোগ নেই। ফলে অনেক শিক্ষার্থী কক্ষে বৈদ্যুতিক হিটার বা মাটির চুলায় রান্না করেন। এতে অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
 
তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে প্রতিটি ছেলেদের হলে চুলা উপহার দিয়েছি। প্রত্যাশা থাকবে, প্রতিটি হলে আলাদা কিচেন জোন স্থাপন করা হবে। এতে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে নিজেদের খাবার নিজেরাই প্রস্তুত করতে পারবেন।
 
এ সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম হিমেল, সদস্য সারজিল হাসান নাবিল, এ. এফ. রহমান হলের জিএস তামিম চৌধুরী, আবাসন ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মো. জামাল, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন নাঈম, জাকির, সহ-দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার, সহ-ক্রীড়া সম্পাদক ইউনুছ আলী ও ছাত্রদল নেতা আবু হুরায়রা।