ইউনুস আলী মোল্লার কথা, সুরে মনির খানের নতুন গান

বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের স্টুডিওতে রেকর্ড হলো সংগীতশিল্পী মনির খানের নতুন একটি গান। শিরোনাম ‘কষ্টগুলো মাঝে মাঝে জেগে উঠে মনে’।

গানটির কথা ও সুর রচনা করেছেন সংগীত ব্যক্তিত্ব ইউনুস আলী মোল্লা। সুরকারের সুযোগ্য শিষ্য মনির খানের গলায় এ গানে শ্রোতারা পাবেন চিরচেনা আবেগ ও সুরের মেলোডি। নতুন এই সৃষ্টির সংগীত পরিচালনা করেছেন দেবা পাল।

প্রবীণ ও নবীনের এ সুরের মেলবন্ধন শ্রোতাদের মনে আলাদা স্থান করে নেবে। রেকর্ডিং শেষে গানটি নিয়ে বেতারের কর্মকর্তা ও কলাকুশলীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বাংলাদেশ বেতার সূত্রে জানা গেছে, খুব শিগগিরই তাদের নিয়মিত আয়োজনে গানটি প্রচার করা হবে।