নাট্যদল থিয়েটার চারণিকের নতুন প্রযোজনা ‘কালযাত্রা’ মঞ্চে আসছে। আজ ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে। এর আগে গতকাল উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। নাট্যকার মাহফুজা হিলালীর রচনায় নির্মিত এ নাটকটি একজন নারী যাত্রাশিল্পীর জীবন, সামাজিক অবস্থান ও মানবিক মর্যাদার সংকটকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। নাটকের কেন্দ্রে রয়েছে একসময়ের যাত্রাশিল্পী প্রিন্সেস মহিমা ও তার মেয়ে কুমকুমের অভিজ্ঞতা।
একক নাটকের মঞ্চে অভিনয় করছেন সাফিয়া খন্দকার রেখা। পোশাক, আলো, আবহসংগীত ও নির্দেশনায় রয়েছেন শামীম সাগর। মানবতা ও সামাজিক বাস্তবতার নতুন বার্তা নিয়ে মঞ্চে প্রদর্শিত হবে প্রযোজনাটি।