৬ অক্টোবর, বুয়েনস আয়ার্সের স্তাদিও মনুমেন্টাল। প্রতিপক্ষ আফ্রিকার দেশ বেননি। এটাই শেষবার; তারপর লিওনেল মেসিকে আর কখনোই দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে।
গত মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তখনই শোনা গিয়েছিল, কিংবদন্তিকে যথাযথ সম্মান দিয়ে বিদায় জানাতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সে জন্য ফিফা আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে অন্তত একটি প্রীতি ম্যাচে মেসিকে দলে রাখবে এএফএ। মেসি যেন ঘরের দর্শকদের সামনে থেকে বিদায় নিতে পারেন, সে জন্যই এ সিদ্ধান্তের কথা তখন শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হচ্ছে। এই ম্যাচের জন্য গতকাল ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে। জাতীয় দলের জার্সিতে এটাই হবে তার বিদায়ী ম্যাচ।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশসের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া মঙ্গলবার সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় নিশ্চিত করেন এটি, ‘বিশ্বের সেরা ফুটবলার, আমাদের দলের আইকন, আমাদের অধিনায়ক লিওনেল মেসিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আগামী ৬ অক্টোবর এখানে, এই আর্জেন্টিনা থেকে প্রাপ্য বিদায় নিতে।’ মেসির বিদায়কে ‘অবিস্মরণীয়’ করে তুলতে তার সঙ্গে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে এ ম্যাচে নিমন্ত্রণ করা হয়েছে। বেনিনের বিপক্ষে ম্যাচটি তাকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন তাপিয়া।
২৮ জনের দল
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি। রক্ষণভাগ : অগাস্টিন গিয়াও, লিওনার্দো বালের্দি, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, হুয়ান ফোয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও রোমান ভেগা। মধ্যমাঠ : ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, নিকো পাজ, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগ : ফ্রাঙ্কো মাস্তানতুওনো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস গনসালেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।