চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল দিয়ে আজ এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরু করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জাপানের নাগোয়া শহরের কোরিগি অ্যাথলেটিক পার্কে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায়।
সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত ফল না পাওয়া এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিগার সুলতানা জ্যোতিকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। সব মিলিয়ে কিছুটা চাপ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। এর মধ্যে এশিয়া কাপ শেষ করে জাপানে এসে প্রস্তুতির জন্যও খুব বেশি সময় পায়নি দলটি। গতকালই প্রথম অনুশীলনে নামে তারা।
তবে আত্মবিশ্বাসী দলের অন্যতম ব্যাটার সোবহানা মোস্তারি। বিসিবির পাঠানো ভিডিওবার্তায় বলেন, ‘আজ (গতকাল) আমরা প্রথম অনুশীলন করলাম। আশা করি, এশিয়ান গেমস থেকে এবারও আমরা একটি পদক নিয়ে দেশে ফিরতে পারব।’
এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাফল্য আছে। ২০১০ সালের গুয়াংজু আসরে রৌপ্য জেতার পর ২০১৪ ও ২০১৮ সালে কোনো পদক না পেলেও ২০২২ সালের হাংজু আসরে ব্রোঞ্জ জেতেন মেয়েরা। এবার নিজেদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য তাদের। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা স্বস্তি দিচ্ছে না। সর্বশেষ নারী এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেন জ্যোতিরা।
এশিয়ান গেমসে নতুনভাবে শুরু করার সুযোগ থাকছে তাদের সামনে। চীনের বিপক্ষে ম্যাচে অবশ্য আবহাওয়াও বড় বিষয় হয়ে উঠতে পারে। নাগোয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচটি বৃষ্টিতে বাধাগ্রস্ত হলে আম্পায়াররা নির্ধারিত সময়ের মধ্যে খেলা আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবেন। পুরো ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের চেষ্টা করবে আয়োজকরা।
সেটিও সম্ভব না হলে র্যাংকিংয়ের নিয়মে নির্ধারিত হবে জয়ী দল। বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে, চীন রয়েছে ৩৭ নম্বরে। ফলে বৃষ্টির কারণে ম্যাচ একেবারেই আয়োজন করা সম্ভব না হলে র্যাংকিংয়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।