সাবেক পুলিশ সুপার আপেল মাহমুদ বরখাস্ত

সাবেক পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩ (খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচিত হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্ত থাকার সময়ে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গত মঙ্গলবার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।