গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
দুই আইনজীবীর বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিলকৃত আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আগামী ২৩ সেপ্টেম্বর আইনজীবী এম হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এ রায়কে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাদের স্ট্যাটাস আদালতের নজরে এনেছি। তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন গ্রহণ করে ২৩ সেপ্টেম্বর হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।