গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালসহ আট আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। গতকাল বুধবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউশনের তথ্যমতে, আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, উসকানি, আন্দোলনকারীদের ওপর হামলায় প্রত্যক্ষ-পরোক্ষ মদদের অভিযোগ আনা হয়েছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশকে হামলা চালানোর জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যসহ বেশ কিছু লোক উসকানিমূলক বক্তব্য দেন। আসামিরা ষড়যন্ত্র ও প্ররোচনা দেন।
শাপলা চত্বর হত্যাকা-ের অভিযোগ গঠন নিয়ে শুনানি ৭ অক্টোবর : মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ৬১ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামি ৪১ জন। এর মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
গতকাল শুনানিতে প্রসিকিউশন জানায়, শেখ হাসিনাসহ পলাতক ৩০ জন আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও তারা আত্মসমর্পণ করেননি। ফলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু এবং তাদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিযুক্ত করতে আর্জি জানায় প্রসিকিউশন। ট্রাইব্যুনাল আর্জি মঞ্জুর করে ৭ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। আদালতে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন।
এদিন গ্রেপ্তার ১১ আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ট্রাইব্যুনালে আনা হয়। তারা হলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল ম-ল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা।