আবুল বারকাতের স্থাবর সম্পদ জব্দের আদেশ 

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবুল বারকাতের ঢাকার ধানমন্ডি ও আদাবরে থাকা দুটি ফ্ল্যাটসহ মোট ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

জব্দ সম্পত্তির মধ্যে উত্তরার একটি প্লট, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পে বিনিয়োগ করা আড়াই লাখ টাকা এবং ২৯ লাখ টাকা মূল্যের একটি গাড়িসহ ১৬ ব্যাংকের হিসাবে ৩ কোটি ৬০ লাখ ৩ হাজার ৪৫৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে। আবেদনে বলা হয়, আবুল বারকাতের বিরুদ্ধে বিভিন্ন কোম্পানিকে অবৈধভাবে ঋণ দিয়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে তার নামে ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা ও ১০ হাজার ২৫০ মার্কিন ডলারের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। আবুল বারকাত স্থাবর, অস্থাবর সম্পদ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। এ কারণে স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।