৭২ কোটি টাকার অবৈধ সম্পদ

সাবেক আইনমন্ত্রী আনিসুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি ৪ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ৭৩৭ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া আনিসুল হক তার তিনজন আত্মীয়কে ৮৪ কোটি ৫ লাখ টাকার বেশি সম্পদ অর্জনে সহায়তা করায় তাদের চার্জশিটে আসামি করা হয়েছে। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ে চার্জশিটটি অনুমোদন করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

দুদকের তথ্য অনুযায়ী, মামলার এজাহারে সাবেক আনিসুল হক একমাত্র আসামি হলেও চার্জশিটে আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন আনিসুল হকের আত্মীয় ও বিএইচআইএস অ্যাপারেলসের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, ভাগনে শেখ মো. ইফতেখারুল ইসলাম এবং শ্যালিকা জেবুন্নেসা বেগম হক।

দুদক জানায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে ২০২৫ সালের ১ জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্তে আনিসুল হক নিজের নামে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া যায়।