জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ২ হাজার ১০০ জন নিবন্ধিত নবীন শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মই বাংলাদেশের সবচেয়ে বড় মানবসম্পদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী দক্ষতা, উদ্ভাবন ও কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও প্রযুক্তি নির্ভর দক্ষতার গুরুত্ব দ্রুত বাড়ছে। তাই শিক্ষার্থীদের প্রযুক্তি ভিত্তিক ও দক্ষতামুখী শিক্ষা গ্রহণের পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সংস্কৃতি ও অন্য সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় থাকতে হবে।
বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।