খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং সিস্টেম: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে উত্তরপত্রে রোল নম্বর থাকবে না, এর পরিবর্তে কোডিং সিস্টেম চালু করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) 'ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা দাবি নিয়ে উপাচার্যের কার্যালয়ে গেলে তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, তোমাদের যে মূল্যায়ন খাতা আছে সেখানে কোনো রোল নম্বর থাকবে না। এটি কোডিং সিস্টেমের মধ্যে নিয়ে আসা হচ্ছে। আমি যে জায়গাগুলোতে হাত দিচ্ছি, সেটা তোমাদের জন্য মঙ্গলজনক। আমি শিক্ষক থেকে এখানে আসছি, আসমান থেকে তো আসিনি, আমি শিক্ষার্থীদের সমস্যাগুলো জানি। আমি চাই শিক্ষার্থীরা যে যেটা ডিজার্ভ করে, তার যোগ্যতা অনুযায়ী যেন সে সেটা পায়।

এসময় তিনি বলেন, তোমাদের বিভাগের যেসব সমস্যা আছে, সেগুলো সমাধানের জন্যও আমরা কাজ করছি। আমি বিশ্বাস করি, বিভাগে আগের চেয়ে আরও ভালোভাবে একাডেমিক কার্যক্রম চলবে।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে উপাচার্য বলেন, তোমাদের যেকোনো একাডেমিক সমস্যা, পরীক্ষাসংক্রান্ত বিষয় ও যৌক্তিক কোনো ইস্যু থাকলে তা আমার কাছে নিয়ে আসবে। সমস্যাগুলো নিয়ে কথা বলতে আমি সবসময় প্রস্তুত। তোমাদের একাডেমিক কার্যক্রম যেন সুন্দরভাবে পরিচালিত হয়, সেটিই আমাদের লক্ষ্য।