রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৪৬

রাজধানীতে গত ২৪ ঘণ্টার বিভিন্ন অপরাধে ৫৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। এ সময়ের মধ্যে বিভিন্ন থানায় মোট ৬১টি মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপরাধ বিরোধী নিয়মিত এই অভিযানে পুলিশের বিভিন্ন বিভাগ যৌথভাবে অংশ নেয়; যার মধ্যে মিরপুর বিভাগ সর্বাধিক ১৫২ জন এবং ওয়ারী বিভাগ ৮৬ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া তেজগাঁও বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৬৫ জন, গুলশান বিভাগ ৪৯ জন, রমনা বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩০ জন এবং গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি ও ২টি গুলির খোসা। উদ্ধার করা মাদকের তালিকায় রয়েছে এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল ফেনসিডিল।

এ ছাড়া অপরাধীদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, ২টি ডিবির জ্যাকেট, ম্যাগাজিনসহ একটি খেলনা পিস্তল, ১৪টি মোবাইল ফোন, একটি ফয়েল পেপার ও নগদ ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি অটোরিকশা ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে অপহৃত বা আটকে রাখা তিন জন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে আলামত ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।