হজ নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর, সময় আর বাড়বে না

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটার বিপরীতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন। ফলে নির্ধারিত কোটার বড় অংশ এখনো নিবন্ধনের বাইরে রয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ হজ নিবন্ধনের শেষ সময়। এই সময়ের পর আর সময় বাড়ানোর সুযোগ থাকবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই শুরু হয়েছে, যা আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় বৃদ্ধির কোনো সুযোগ থাকবে না।

সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা জানানোর পর চূড়ান্ত সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ করা হবে। পাশাপাশি হজযাত্রীদের মেডিকেল পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের হজে গমন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

চলতি বছর বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৫০০ জন। কিন্তু ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধিত হয়েছেন মাত্র ৩ হাজার ৭৪১ জন। অর্থাৎ নির্ধারিত কোটার প্রায় ৭৪ হাজার ৭৫৯ জনের নিবন্ধন এখনো বাকি রয়েছে।