যুক্তরাষ্ট্রের ইজিপশিয়ান-আমেরিকান ফিল্ম ফেস্টিভালের জন্য নির্বাচিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থী খালেদ হেইচ হারম্যানের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সিনক্রোনাইজেশন’ ও ‘ব্লাড অ্যান্ড রোজ’।
এর আগে ইতালিভিত্তিক করলিওনি ফিল্ম ফেস্টিভালের জন্য নির্বাচিত হয়েছিল ‘সিনক্রোনাইজেশন’। আয়নাঘর ধারণার ওপর নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এর মাধ্যমে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে।
গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে দর্শকদের কাছ থেকে আশাতীত সাড়া পাওয়ার কথা জানিয়েছেন নির্মাতা খালেদ। দর্শকদের হাততালি ও ইতিবাচক মন্তব্য তাকে এবং তার দলের সদস্যদের অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি।
খালেদ বর্তমানে একটি পূর্ণদৈর্ঘ্য টাইম-ট্রাভেল চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করছেন। এ চলচ্চিত্রে বিনিয়োগের জন্য প্রযোজকেরা এগিয়ে আসবেন বলে আশাবাদী তিনি।
নির্মাতা খালেদ বলেন, দ্বিতীয়বারের মতো তার চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হওয়ায় চলচ্চিত্র অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছেন। গত ৩ সেপ্টেম্বরের প্রদর্শনীতে অংশ নিতে না পারা অনেক দর্শক আবারও চলচ্চিত্র দুটি প্রদর্শনের আয়োজন করার অনুরোধ জানিয়েছেন।
খালেদ জানান, ‘সিনক্রোনাইজেশন’ ও ‘ব্লাড অ্যান্ড রোজ’ দেখে দর্শকদের মধ্যে যে আস্থার জায়গা তৈরি হয়েছে, তাতে তার পরবর্তী কাজগুলোও দর্শকেরা আগ্রহ নিয়ে দেখতে আসবেন বলে তিনি আশাবাদী।