দুই দিন পর আবারও বন্ধ সিইউএফএলের সার উৎপাদন 

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেল চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) ইউরিয়া সার উৎপাদন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। পরে ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়। উৎপাদন শুরুর পর কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোরে কারখানাটির উৎপাদন আবার বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। যান্ত্রিক ত্রুটি সেরে কারখানাটি পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।