আগামী বছরের ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হবে চূড়ান্ত হয়নি। কমিশন আরও বসে সিদ্ধান্ত নেবে। ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর আড়াইটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন পরীক্ষার কারণে ভোটের সম্ভাব্য সময়সূচি থেকে সরতে হতে পারে নির্বাচন কমিশনকে। কমতে পারে ভোটের ধাপও। তবে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে।

তিনি আরও বলেন, পরীক্ষা যেন ব্যাহত না হয়, সেটি লক্ষ রাখা হবে। যত দ্রুত সম্ভব ভোটের চূড়ান্ত তারিখ জানানো হবে। নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা আছে। জানুয়ারিতে ফাঁকা পাওয়া যাবে। তবে রোজা আছে। কয়েক দফা বসবো। কমিশন সভায় ভোটের তারিখ চূড়ান্ত করা হবে।

এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর হবে বলে জানান তিনি।