গাজীপুরের কালীগঞ্জ আজমতপুর মোড়লবাড়ী মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদ করায় ইতালি প্রবাসী জয়নালকে হত্যার ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুল হাই এই রায় ঘোষণা করেন। একই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- আশরাফুল ইসলাম, ফয়সাল এবং নূর আক্তার। তবে এই মামলায় প্রধান আসামি আহমদ আলী কারাগারে মৃত্যুবরণ করায় মকদ্দমা হতে খালাস পেয়েছে।
জানা যায়, ২০১০ গাজীপুরের কালীগঞ্জের আজমতপুর মোড়লবাড়ী জামে মসজিদের তৎকালীন ইমামকে মারধর করে কয়েকজন যুবক। এই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন ইতালি প্রবাসী জয়নাল আবেদিন। এর জেরে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ ওই দিনই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আঘাত করে গুরুতর আহত করে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের এই ঘটনায় নিহতের ভাই কালীগঞ্জ থানায় ১০ জনের নামে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহত জয়নালের বাবা বলেন, তার ছেলে হত্যার ঘটনায় আদালতের দেওয়া এ রায়ে আমি সন্তুষ্ট। দীর্ঘদিন আদালত যাচাই-বাছাই করে তথ্য প্রমাণ সংগ্রহ করে আজ রায়টি দিয়েছেন।
গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল বলেন, দীর্ঘ বিচারিক কার্য শেষে বৃহস্পতিবার আদালত প্রবাসী জয়নাল হত্যার মামলার রায় দিয়েছেন। মামলার প্রধান আসামি মারা গেছেন আগেই। অভিযোগ প্রমাণিত বাকি তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।