ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মনোনয়নে নতুন শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো শেয়ারধারক কোম্পানির পক্ষ থেকে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত প্রতিনিধি পরিচালককে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হতে হবে। একই সঙ্গে প্রতিনিধি পরিচালক হওয়ার আগে সংশ্লিষ্ট কোম্পানিতে তার নির্দিষ্ট পরিমাণ শেয়ার মালিকানা থাকতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। কোনো কোম্পানি এ সীমা অতিক্রম করে শেয়ার ধারণ করলে সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত প্রতিনিধি পরিচালককে অবশ্যই ওই শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হতে হবে। পাশাপাশি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতিনিধি পরিচালক হওয়ার আগে তার নিজের নামে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে পুরো সময় এই মালিকানা বজায় রাখতে হবে।
এ ছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। এ জন্য আবেদন করার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে মালিকানা বা স্বত্ব থাকার প্রমাণপত্র বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
সার্কুলার জারির আগে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি পরিচালকের পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে বিষয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।