ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অপরজন সিএনজিচালক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালামপুর সাটুরিয়া আঞ্চলিক সড়কের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইছাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আখি (৩০), মো. জসিমের ছেলে জাকারিয়া (১২), টাঙ্গাইলের চর খিদির গ্রামের সিএনজি চালক জুয়েল বয়স অনুমান (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির পর সড়কে সিএনজি ও অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস বলেন, সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের মধ্যে সিএনজি চালক ও দুইজন আরোহী ছিলেন। অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।