ঢাকায় শুরু হয়েছে নির্মাণ, কাঠশিল্প ও সোলার পণ্যের চার আন্তর্জাতিক প্রদর্শনী

রাজধানীতে আজ বৃষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে নির্মাণ অবকাঠামো, কাঠশিল্প, ইন্টেরিয়র এবং সোলার পণ্যবিষয়ক চারটি আন্তর্জাতিক প্রদর্শনী। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বসুন্ধরা আইসিসিবির এক্সপো ভিলেজে ‘১০ম বাংলাদেশ বিল্ডকন’, ‘১০ম বাংলাদেশ উড এক্সপো’, ‘ইন্টেরিয়র এক্সপো’ এবং ‘সোলার বাংলা এক্সপো’ অনুষ্ঠিত হচ্ছে।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস ও ফিউচারেক্স ট্রেড যৌথভাবে এসব প্রদর্শনীর আয়োজন করেছে। এতে নলেজ পার্টনার হিসেবে রয়েছে ‘ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ’ (আইডিবি)।

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) ড. প্রকৌশলী গিয়াসউদ্দিন হায়দার প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীগুলোর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. প্রকৌশলী গিয়াসউদ্দিন হায়দার বলেন, ‘বাংলাদেশ বর্তমানে অবকাঠামো, আবাসন ও আধুনিক ফার্নিচার শিল্পে দ্রুত অগ্রগতি অর্জন করছে। তবে এই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ বিল্ডকন এবং বাংলাদেশ উড এক্সপোর মতো আন্তর্জাতিক প্রদর্শনীগুলো দেশীয় উদ্যোক্তা ও শিল্পমালিকদের জন্য বিশ্বমানের আধুনিক মেশিনারি, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী এবং নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে।’

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘নির্মাণ খাত, কাঠশিল্প, ইন্টেরিয়র ও সোলার পণ্যের ব্যবহারকারীদের জন্য এটি নতুন প্রযুক্তি, নেটওয়ার্কিং ও ব্যবসার একটি চমৎকার প্ল্যাটফর্ম। দর্শনার্থীরা একই ছাদের নিচে আধুনিক নির্মাণসামগ্রী, গৃহসজ্জা, সোলার প্রোডাক্ট ও কাঠ প্রক্রিয়াজাতকরণের সর্বাধুনিক প্রযুক্তির সন্ধান পাবেন।’

নির্মাণ কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া হওয়ায় খাতসংশ্লিষ্ট সবাই সব সময় সাশ্রয়ী, দক্ষ ও পরিবেশবান্ধব প্রযুক্তির খোঁজে থাকেন। ‘বাংলাদেশ বিল্ডকন’ প্রদর্শনীতে নির্মাণ খাতের প্রধান সমস্যা ও চ্যালেঞ্জগুলোর সমাধান তুলে ধরা হবে। দেশের আসবাবপত্র খাতের মান ও উৎপাদন বাড়াতে আধুনিকায়ন প্রয়োজন। ‘বেস্ট সিএনসি রাউটার প্রেজেন্টস ১০ম বাংলাদেশ উড এক্সপো ২০২৬’ এই খাতের অন্যতম প্রধান প্রদর্শনী, যেখানে আন্তর্জাতিক প্রযুক্তি দেশীয় ব্যবহারকারীদের কাছে তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে সময়ের প্রয়োজন বিবেচনায় ‘সোলার বাংলা’ ও ‘ইন্টেরিয়র এক্সপো’ যুক্ত করা হয়েছে।

স্থপতি ও ইন্টেরিয়র ডিজাইনারদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা এবং তরুণদের শেখার সুযোগ তৈরি করতে নলেজ পার্টনার ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ (আইডিবি) ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ‘আর্ক ইন্টেরিয়র ব্রিজ-২০২৬’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও প্যানেল আলোচনায় বক্তব্য রাখবেন এনআর খান, আর্কিটেক্ট অ্যান্ড পার্টনার, টিকেএনআরকে অ্যাসোসিয়েটস; তানিয়া করিম, আর্কিটেক্ট অ্যান্ড পার্টনার, টিকেএনআরকে অ্যাসোসিয়েটস; কাজী নুরুল করিম দিলু, আর্কিটেক্ট অ্যান্ড পার্টনার, টিকেএনআরকে অ্যাসোসিয়েটস; জান্নাত জুই, পার্টনার অ্যান্ড হেড অব ডিজাইন, শতাতো আর্কিটেকচার অব গ্রিন লিভিং এবং ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল আর্কিটেক্ট, জান্নাত জুই আর্কিটেক্টস; সুমাইয়া ইসলাম, আর্কিটেক্ট, ম্যানেজিং ডিরেক্টর, ক্রিয়েট ডিজাইন রিসার্চ ল্যাব, চেয়ারম্যান, ক্রিয়েট ফাউন্ডেশন এবং সাবেক সহকারী অধ্যাপক, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগ; ফারাহবী রহমান, আর্কিটেক্ট অ্যান্ড লাইটিং ডিজাইনার, ফাউন্ডার অ্যান্ড লিড ডিজাইনার, লাইট কমিউনিকেশন ও আর্চ কমিউনিকেশন আর্কিটেকচারাল; লতিফা সুলতানা লিজা, প্রিন্সিপাল আর্কিটেক্ট, ডিএসএএ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর্কিটেকচার বিভাগ, সাউথইস্ট ইউনিভার্সিটি; মো. তারিকুল ইসলাম, হেড অব সেলস, শান্তা লাইফস্টাইল লিমিটেড; রাকিব উর রহমান চৌধুরী, হেড অব সেলস-রিটেইল, জেএটি উড কোটিং; এবং নাভিদ নওরোজ শাহ, লোকাল প্রেসিডেন্ট, জেসিআই ঢাকা আপটাউন।

সেমিনারে স্থাপত্য ও অভ্যন্তরীণ নকশার পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এতে পেশাদার ও উদীয়মান ডিজাইনারদের শেখা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

দর্শনার্থীরা এক ছাদের নিচে অ্যাডহেসিভ, সিএনসি, বয়লার, ফাইবার ও সিও২ লেজার, উড প্রিন্টিং, কনক্রিট ব্লক মেশিন, হার্ডওয়্যার, পার্টিকেল বোর্ড, পাওয়ার টুলস, কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, পাইপ, ক্যাবল, সিলেন্ট, কনস্ট্রাকশন কেমিক্যালস, সিরামিক, ইলেকট্রিক্যাল সুইচ, ওয়াটার পাম্প, সোলার ইকুইপমেন্ট, কিচেন অ্যাপ্লায়েন্সেস, হোম অটোমেশন ও অ্যালুমিনিয়াম প্যানেলসহ নানা ধরনের পণ্য দেখতে পারবেন।

প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।