বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ ও পর্তুগাল

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আজারবাইজানে বসছে টুর্নামেন্টের এই উদ্বোধনী আসর। এ প্রতিযোগিতায় ‘জি’ গ্রুপে জায়গা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, যেখানে তাদের সঙ্গী হয়েছে ইউরোপের শক্তিশালী দুই দেশ পর্তুগাল ও ওয়েলস। এছাড়া এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।

বাফুফের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর, মাত্র তিন দিনের এই সংক্ষিপ্ত ও অত্যন্ত ব্যস্ত গ্রুপ পর্বে মোট পাঁচটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশি কিশোরদের। আগামী ২৪ অক্টোবর সকাল ৯টায় ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

এরপর ২৫ অক্টোবর দুপুর আড়াইটায় শক্তিশালী পর্তুগালের মোকাবিলা করার ঠিক একই দিন রাত পৌনে নয়টায় ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে দলটি। আর ২৬ অক্টোবর গ্রুপ পর্বের শেষ দিনে বুরুন্ডি ও ফিজির বিপক্ষে দুটি ম্যাচ খেলে নিজেদের প্রাথমিক লড়াই শেষ করবে তারা।

টুর্নামেন্টে ৩২টি গ্রুপে মোট ১৯১টি দেশ অংশ নিতে যাচ্ছে। সেখানে কেবল প্রতিটা গ্রুপের চ্যাম্পিয়ন দল মিলিয়ে ৩২ দল যাবে কোয়ালিফায়ার রাউন্ডে। 

ফিফা কাউন্সিলের অনুমোদনে যুব ফুটবলের বিশ্বায়নের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রথম আসরে কেবল ছেলেদের দলগুলো অংশ নিচ্ছে।