সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত সরকারি আইন কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো নৈতিকতা বিষয়ক দুদিনের উচ্চতর প্রশিক্ষণ কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ঢাকার তেজগাঁওয়ে হোটেল ‘হলিডে ইন’-এ সকাল সাড়ে ৯টায় এ প্রশিক্ষণ শুরু হবে।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ১৬০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন।
জাতিসংঘ ও ইউএনডিপির সহায়তায় ‘স্ট্রেংদেনিং দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আজ এক বিবৃতিতে বলেন, ‘এ প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করা। পাশাপাশি দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা, নথি গোপন করা কিংবা বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে সর্বাবস্থায় শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) বজায় রাখা।’
তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা কিংবা বিচারপ্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপের কোনো স্থান থাকবে না। সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের অঙ্গীকার।’